মাগুরায় মসজিদে ঘুমন্ত মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যাচেষ্টা

ইসলাম টাইমস ডেস্ক: মাগুরায় মসজিদের বারান্দায় ঘুমন্ত অবস্থায় হাবিবুল্লাহ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাগবাড়িয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে।

আহত মাদ্রাসা ছাত্র হাবিবুল্লাহ জেলার মহম্মদপুর উপজেলার ধুপুড়িয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

হাসপাতালে ভর্তি হাবিবুল্লাহ গণমাধ্যকে জানায়, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত পড়ালেখা শেষে তারা পাঁচ সহপাঠী মাদ্রাসা সংলগ্ন মসজিদের বারান্দায় ঘুমাতে যায়। রাত সাড়ে তিন টার দিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলাই ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে হামলাকারীরা মাথার পেছনে আরো একটি কোপ দিয়ে পালিয়ে যায়। পরে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. অমর প্রসাদ জানান, গলা ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতে মাদ্রাসা ছাত্র হাবিবুল্লাহ গুরুতর জখম হয়েছে। তবে বর্তমানে সে আশংকামুক্ত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সমকালকে বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তি সংবাদভারতে মুসলমানদের উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে: আল্লামা কাসেমী
পরবর্তি সংবাদগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল