ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল রবিবার (৭ জুলাই) গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে অর্ধদিবস হরতালের কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। বামদের ডাকা এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি।
আজ শনিবার সকালে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমর্থনের কথা জানান।
মির্জা ফখরুল বলেন, সরকার মেগা প্রজেক্টের কথা বলছে। এসব মেগা প্রজেক্ট এক একটা মেগা দুর্নীতি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রবিবার যে হরতালের ডাক দেওয়া হয়েছে সেখানে আমরা সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এসময় তিনি আরও বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বেগম জিয়ার জামিন আটকে রাখা হয়েছে। এসময় দ্রুত বেগম জিয়ার মুক্তি দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্যই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে সাজা দেওয়ার ঘটনার সমালোচনা করেন তিনি।
















