যারা কন্যা সন্তানের পিতা তারা নিজের মেয়েকে নিয়ে সতর্ক থাকবেন: সায়মার বাবা

ইসলাম টাইমস ডেস্ক: “দেশবাসীর কাছে আমার এই আবেদন- আপনারা যারা কন্যা সন্তানের পিতা তারা নিজের মেয়েকে কীভাবে পশুসুলভ আচরণ থেকে দূরে রাখা যায় তা একটু ভেবে দেখবেন। আপনার সন্তানদের রক্ষা করার চেষ্টা করবেন।” পাশবিক নির্যাতন ও হত্যার শিকার শিশু সায়মার বাবা আব্দুস সালাম এমন মর্মস্পর্শী আবেদন করেছেন।

রাজধানীর ওয়ারীর সিলভারডেল স্কুলের নিহত শিশু সামিয়া আফরিন সায়মার সন্দেহভাজন হত্যাকারী গ্রেফতার হওয়ার পর ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আজ রোববার তিনি এ কথা বলেন।

কান্নাবিজড়িত কণ্ঠে আব্দুস সালাম বলেন, “আমি পারি নাই আমার মেয়েকে রক্ষা করতে। আমার মেয়ে আমার স্ত্রীর কাছে ১০ মিনিটের কথা বলে আটতলায় গিয়েছিল। সেখানে এক বাচ্চার সঙ্গে খেলা শেষ করে এসে মার কাছে পড়া দেওয়ার কথা বলেছিল সে। কিন্তু, ১০ মিনিট পার হয়ে গেলো। আমি নামাজ পড়ে আসলাম কিন্তু তাকে পেলাম না।… সেই সময়ের মধ্যে আমার ফুটফুটে সুন্দর মেয়েটিকে তারা… এমন নির্মমভাবে হত্যা করলো যে তা দেখে আমাদের মরণ দশা হয়েছিল।

নিহত সায়মার বাবা বলেন, আমার স্ত্রী এখনো পর্যন্ত একটু পানিও মুখে দিতে পারছে না। এ ঘটনার পর আমার পুরো পরিবার বিধ্বস্ত। যার জীবনে এমন ঘটনা ঘটে সেই শুধু এর জ্বালা-যন্ত্রণা বুঝতে পারে।

 

 

পূর্ববর্তি সংবাদএবার মাগুরায় প্রকাশ্যে ছুরিকাঘাতে লিসান নামে এক যুবক হত্যা
পরবর্তি সংবাদকাবুলের এক মার্কেটে মর্টার হামলায় নিহত ১৪