ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় শুভ আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শুভ স্থানীয় ফিউচার মেথ স্কুলের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুভ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বড়কুমলী গ্রামের রাজু মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে ফকির মার্কেট এলাকার হোসেন মিয়ার ভাড়াবাড়িতে থাকত।
জানা যায়, রোববার রাত ২টার দিকে বিসিকের শাখা রাস্তায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক আবদুস সালাম বলেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা কি কারণে শুভকে হত্যা করেছে সে সম্পর্কে কিছুই জানতে পারেনি পরিবারের স্বজনরা। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
রাজু মিয়া নামে একজন জানান, রোববার রাত ৯টার দিকে মাথার চুল কাটানোর কথা বলে সেলুনে যায় শুভ। অনেক রাতেও সে ফিরে না আসায় শুভর মোবাইল ফোনে কল করলে থানা পুলিশ পরিচয়ে ফোন ধরে তার মৃত্যুর খবর জানানো হয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
















