ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৯, আহত১৭

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে দিল্লির কাছে যমুনা এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ যাত্রী। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

দেশটির উত্তরপ্রদেশ পুলিশ এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, ১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়ে নয়ডার সঙ্গে উত্তরপ্রদেশের আগরাকে সংযুক্ত করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি ৪৬ যাত্রী নিয়ে লখনৌ থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ভোরের দিকে রাস্তা থেকে বাসটি নর্দমায় পড়ে যায়।

 

পুলিশসূত্রে জানা গেছে, চলন্ত বাসে চালকের ঘুমের কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এটি রাস্তা থেকে নর্দমায় গিয়ে পড়ে।

একটি ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের বাসটি দুমড়েমুচড়ে গেছে এবং সেখান থেকেই দেহগুলোকে টেনে বাইরে নিয়ে আসা হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় খুবই শোকাহত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকেরা যাতে সব রকম সুযোগ-সুবিধা লাভ করে, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

উত্তরপ্রদেশ হাইওয়ে এরই মধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

পূর্ববর্তি সংবাদমক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে ১ বাংলাদেশী হাজীর মৃত্যু
পরবর্তি সংবাদবন্ধ করা যাচ্ছে না ভারতে খোলা স্থানে মলত্যাগ!