ভারতে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করা, উল্টো আহতদেরই গ্রেফতার করল পুলিশ

ভারতে ছয় মুসলিমসহ ২৪জনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেছে গোরক্ষকরা।

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে গোরক্ষকদের হাতে মুসলিম নির্যাতনের ঘটনা চরমে পৌঁছেছে। বারবার একই ঘটনা ঘটছে। এবার ছয় মুসলিম যুবকসহ ২৪ জনকে মারধরের অভিযোগ উঠল এক দল গোরক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো আহত ২৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রোববার মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার সাভালিকেড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

শুধু মারধর করেই ক্ষ্যান্ত হয়নি গোরক্ষকরা। আহত সবাইকে দড়ি দিয়ে বেঁধে, রাস্তায় হাঁটু মুড়ে কান ধরে বসিয়ে রাখা হয়। তাদের জোর করে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করা হয়। এর পর তাদের তিন কিলোমিটার হাঁটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো আহত ২৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়, গরু চুরির অভিযোগ তুলে গোরক্ষকরা তাদের ওপর হামলা করেছে।

আর এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, গরু পাচারের অভিযোগে গোরক্ষকরা ছয় মুসলিমসহ ২৪জনকে মারধর করেছে।

তবে আহতরা ব্যক্তিরা জানিয়েছেন, তারা সবাই গরু নিয়ে মহারাষ্ট্রে পশু মেলায় যাচ্ছিলেন। সাভালিকেড়া গ্রামে পৌঁছতেই এক দল গোরক্ষক তাদের ঘিরে ধরেন। এর পর তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা সংখ্যায় প্রায় ১০০ জনের মতো ছিল।

তার পর দড়ি দিয়ে বেঁধে তিন কিলোমিটার তাদের হাঁটিয়ে খালোয়া থানায় নিয়ে যাওয়া হয়। হামলাকারীরা তাদের জোর করে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করেন।

এ ঘটনায় হামলাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তারা জানিয়েছেন, হামলাকারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

গত মে মাসেও মধ্যপ্রদেশে গরুর মাংস নিয়ে যাওয়ার অভিযোগে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছিল গোরক্ষকদের বিরুদ্ধে।

বারবার একই ঘটনা ঘটছে। তার পরও দোষীরা কীভাবে ছাড় পেয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দেশটির রাজ্য প্রশাসন।

পূর্ববর্তি সংবাদআবারো রিকশা চালকদের সড়ক অবরোধের হুঁশিয়ারি
পরবর্তি সংবাদচট্টগ্রামে টানা ভারিবর্ষণে গুরুত্বপূর্ণ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত