আগামীকাল আবারও সড়কে নামবে রিকশাচালকরা

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ‘মূল সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা’ প্রত্যাহার না করলে বুধবার সকাল থেকে ফের রাজধানীর বিভিন্ন সড়কে নামার ঘোষণা দিয়ে আজকের মতো সড়ক ছেড়ে দিয়েছে রিকশাচালকরা। সোম ও মঙ্গলবারের মতো বুধবারও সকাল ৮টা থেকে ফের সড়ক অবরোধ করবে তারা।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে এ ঘোষণা দেয় রিকশা-মালিক নিবন্ধিত ছয়টি সংগঠনের সমন্বয় পরিষদ।

আমাদের দুটি দাবি না মানলে আমরা আজকের মতো কালও রাজপথে থাকব এমন কথা জানিয়ে পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বলেন, এ পরিষদের সদস্যরা সকাল থেকে যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকায় থাকবে। রিকশাচালক-মালিক ও গ্যারেজ মালিকরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, আমরা আধাবেলা থাকব নাকি সন্ধ্যা পর্যন্ত সে সিদ্ধান্ত রাতে নেয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর খিলগাঁও, রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন রিকশাচালক ও মালিকরা।

তাদের দাবি মূলত ঢাকার মূল সড়কে রিকশা চলাচল উন্মুক্ত করা। তবে তাদের দুটি দাবি হচ্ছে সড়কে রিকশা বন্ধের ঘোষণা প্রত্যাহার এবং রাজধানী থেকে অবৈধ রিকশা উচ্ছেদ করা।

গত ৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসিএ) এক বৈঠকে রাজধানীর তিনটি রুটে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। গত রোববার (৭ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সকালে রাজধানীর মুগদা এলাকায় প্রথমবারের মতো অবরোধ করে রিকশা চালক ও মালিকরা আন্দোলন করে।

পূর্ববর্তি সংবাদওসি মোয়াজ্জেমের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট
পরবর্তি সংবাদজানুয়ারি-জুন এই ছয় মাসে ধর্ষণের শিকার ৪৯৬ শিশু