ইসলাম টাইমস ডেস্ক: অভিন্ন শিক্ষা, অভিন্ন দেওয়ানি বিধির পাশপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন দ্রুত তৈরি করা না হলে ভারত ২০৪৭ সালের আগে পাকিস্তানে পরিণত হবে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আশঙ্কা ব্যক্ত করেছেন বিজেপি মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়।
তার এই আশঙ্কার প্রতিক্রিয়ায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর ড. গৌতম পাল বুধবার রেডিও তেহরানকে বলেন, ‘এই ধরণের প্রবণতা বা এধরণের ভাবনাচিন্তা ভারতের যে সার্বভৌমত্ব ও একাধিকত্বের ধারণাকে আঘাত করে। আইন প্রণয়ন করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে না। অধুনা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে আমাদের মৃত্যু হার কমে গেছে। জনসংখ্যা বাড়ছে শুধু নয়, মৃত্যু হারও কমে গেছে।’
তিনি বলেন, ‘যারা বলছেন, যারা আগামী ২০৪৭ সালের মধ্যে ভারত পাকিস্তান হয়ে যাবে আমি ওই মতে শরিক হচ্ছি না। এটাও তো হতে পারে আগামী ২০৪৭ –এ পাকিস্তান, বাংলাদেশ অখণ্ড ভারতের মধ্যে সংযোজিত হতে পারে। অখণ্ড ভারত আগের মতো ফিরে আসতে পারে।’
ড. গৌতম পাল আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করলে ধর্মীয় ও সামাজিক আঘাত আসতে পারে কি না তা ভাবতে হবে। অভিন্ন বিধি চালু করতে গেলে ভারতের অখণ্ডতা তা আগামীদিনে থাকবে কি না তা ভেবে নিয়ে ওই পদ্ধতি অবলম্বন করা উচিত। সার্বিকভাবে আমি মনে করি এই ধরণের চিন্তাভাবনা বাস্তবোচিত নয়।’
















