রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত: বরখাস্ত প্রকৌশলী স্বপদে এখনো বহাল

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর চারঘাটের দিঘলকান্দি এলাকায় বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় তেলবাহী একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো রাজশাহীর সঙ্গে সকল রুটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের যাত্রীরা।

দুর্ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলের প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে বুধবার রাতেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেই কর্মকতা তার স্বপদে বহাল তবিয়তে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

দুর্ঘটনাস্থলে বৃহস্পতিবার সকাল থেকে অভিযুক্ত সেই প্রকৌশলীকে কাজ করতে দেখা গেছে বলে নিশ্চিত করেছে রেলের একাধিক সূত্র। নিয়ম অনুসারে অভিযুক্তকে সকল কাজ থেকে বিরত রাখার কথা।

এদিকে ঘটনা তদন্তে বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ এবং কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাইনচ্যুত ৮টির মধ্যে ৫টি বগি উদ্ধারে সক্ষম হয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে উদ্ধার কাজে নিয়োজিতরা।

পূর্ববর্তি সংবাদএকজন মন্ত্রী হচ্ছেন, একজন প্রতিমন্ত্রী আসছেন, প্রবীণদের নাম নেই
পরবর্তি সংবাদজুলাই মাসেই ই-পাসপোর্টের উদ্বোধন : স্বরাষ্ট্রমন্ত্রী