ইসলাম টাইমস ডেস্ক: নির্মাণের দুই মাস না যেতেই ধসে পড়ল প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পঞ্চগড়ের তেঁতুলিয়া বন বিভাগের ইকোপার্কের সীমানা প্রাচীরের একটি অংশ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৫ একর জমিতে ফলজ ও বনজ বাগান রক্ষণাবেক্ষণের জন্য চলতি বছরের মে-জুন মাসে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে তেঁতুলিয়া ইকোপার্কের দ্বিতীয় কিস্তির প্রাচীর নির্মাণ করা হয়। নির্মাণের পর বর্ষা মৌসুমের গত বৃহস্পতিবার রাতে দেয়ালের প্রায় ১৫০ ফিট ভেঙে পড়েছে। এছাড়াও নির্মাধীন আরো ১০০ ফিট দেয়ালে ফাঁটল দেখা দিয়েছে।
এলাকাবাসীর জানায়, নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় দেয়াল ভেঙে পড়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, ইকোপার্কের সীমানা দেয়াল নির্মাণের সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। তাছাড়া ঠিকমতো তদারকির অভাবের কারণেই ভেঙে পড়েছে।
এ বিষয়ে ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) গণমাধ্যকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বর্ষায় পুরো বাগানের পানি একদিক দিয়ে গড়িয়ে আসায় ইকোপার্কের দেয়াল ভেঙে পড়েছে। আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, ১৫ দিনের মধ্যে ভেঙে যাওয়া দেয়াল মেরামত করা হবে।
















