‘বন্যা মোকাবেলায় সরকারের পূর্ব প্রস্তুতি রয়েছে’

ইসলাম টাইমস ডেস্ক: অতিবৃষ্টির কারণে দেশের ৬৪টি জেলায় বন্যা মোকাবেলায় ১৭ হাজার ৫৫০ মেট্রিক টন খাদ্যশস্য ও দুই কোটি ৯৫ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান ।

তিনি জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি নদী এবং দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ী ঢলের কারণে বন্যাকবলিত জেলাসমূহে দুর্যোগ ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আজ শুক্রবার সচিবালয়ে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বন্যা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি গ্রহণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমম্বয় কমিটির সভায় তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬২৮টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং এর মধ্যে ২৬টি পয়েন্ট অতি ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ইতোমধ্যে ৫২১টি পয়েন্টকে ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া বন্যা-উপদ্রুত জেলাগুলোতে প্রথমে ২০০ মেট্রিক টন এবং পরে ৩০০ মেট্রিক টন খাবার পাঠানো হয়েছে বলেও জানান ডা: এনামুর রহমান। তিনি বলেন, প্রত্যেক জেলায় দুই হাজার প্যাকেট উন্নতমানের শুকনো খাবার পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম কাজ করছে।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রত্যেক জেলা প্রশাসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছেন।

পূর্ববর্তি সংবাদ‘জনগণের রক্ত চুষতে গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার’
পরবর্তি সংবাদসিরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘর্ষ, শতাধিক যোদ্ধা নিহত