ইসলাম টাইমস ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের বিরুদ্ধে নিরস্ত্র ফিলিস্তিনিদের করা বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ফিলিস্তিনের এক শিশুসহ আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বেসামরিকদের ওপর এই গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সময় দুপুরে জুমার নামাজ শেষে নিজেদের ভূমি পুনরুদ্ধারের দাবিতে নাবলুস শহরে সাপ্তাহিক বিক্ষোভে অংশ নিয়েছিল প্রায় শতাধিক ফিলিস্তিনি। এতে ইসরায়েলি সেনারা আকস্মিক গুলি চালালে আবদেল রহমান শেইবি নামে ১০ বছর বয়সী শিশুটি মারাত্মকভাবে জখম হয়। বর্তমানে তার মাথায় অস্ত্রোপচার চলছে। এ ঘটনায় আরও বেশ কিছু ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ দিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানায়, শুক্রবারের এই বিক্ষোভে অযথাই সহিংস হয়ে উঠেছে ইসরায়েলি সেনা সদস্যরা।
অপর দিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র জানান, নাবলুস শহরের এই বিক্ষোভে প্রায় ৬০ জনের মতো ফিলিস্তিনি অংশ নিয়েছিল। বিক্ষুব্ধ জনতা সড়কের ওপর টায়ারে আগুন লাগিয়ে আইডিএফ সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। আর এতেই দাঙ্গাকারীদের দমনে গুলিবর্ষণ করতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা।
সূত্র: ইয়ানি সাফাক, দ্য টাইমস অফ ইসরায়েল।
















