সিলেটে ৩ দিনের পানিবন্দি ১০ পরিবারকে মুক্ত করলেন মেয়র আরিফ

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের দক্ষিণ কাজলশাহ এলাকার ১০ পরিবারের সদস্যরা প্রায় ৩ দিন পানিবন্দি থাকার পর মেয়রের হস্তক্ষেপে পানিবন্দি অবস্থা থেকে রক্ষা পেলেন।

গতকাল শুক্রবার বিকেলে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নিজে গিয়ে ওই বাধ খুলে দিলে পানিবন্দি অবস্থা থেকে রক্ষা পায় পরিবারগুলো।

স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ কাজলশাহ এলাকার ১৭৬ নম্বর বাসার ১০ টি পরিবারের শাপলা গলির পেছন দিকের ড্রেন দিয়ে পানি যাওয়ার পথ ছিল। দীর্ঘদিন ধরে একই ভাবে ড্রেন দিয়ে পানি অপসারণ হচ্ছিল। সাম্প্রতিক সময়ে লালা দিঘীরপাড়ের আবুল মিয়া ড্রেন বন্ধ করে অস্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করেন। এতে করে দক্ষিণ কাজলশাহের ১০টি পরিবারের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে। গত তিন দিন ধরে তারা পানিবন্দি ছিলেন।

পরে খবর পেয়ে বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক সেখানে যান। মেয়র নিজে উপস্থিত থেকে বাধ খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, আপাতত পানি যাওয়ার জন্য পথ খুলে দিয়েছি। পরে কাউন্সিলরকে নিয়ে সেটির স্থায়ী সমাধান করা হবে।

পূর্ববর্তি সংবাদভারতে নয়া দিল্লির শিল্প এলাকায় ভয়াবহ আগুন
পরবর্তি সংবাদনির্মাণের ১০ দিনেই ভেঙে পড়ল হাসপাতালের প্রধান ফটক