৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, আহত ২৫

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলীয় মিন্দানাও উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৮।

কর্তৃপক্ষের দাবি, শনিবার (১৩ জুলাই) স্থানীয় সময় ভোর ৪ টা ৪২ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ২৫ জন আহত ও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে অঞ্চলটির বাসিন্দাদের মধ্যে আতংকের সৃষ্টি হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেওয়া তথ্যের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, শনিবার ভোরে মিন্দানাও উপকূলে প্রথম কম্পনটি অনুভূত হয়। যার উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

মিন্দানাওয়ের পুলিশ প্রধান উইলসন উয়ানিত ‘এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছেই মাদ্রিদ শহরের অবস্থান। কম্পনটি শুরুর পরপরই স্থানীয় থানার পুলিশরা টেবিলের নিচে আশ্রয় নেয়। এর মাত্রা তীব্র হওয়ায় আমাদের কেবিনেটের দরজার গ্লাস ভেঙ্গে গেছে। তাছাড়া থানার একটি টেবিল থেকে টেলিভিশন পড়ে ভেঙ্গে গেছে।’

শহরটির এই পুলিশ প্রধান আরও বলেন, ‘আমরা ছোটাছুটি করে লোকজনকে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছি। কম্পনটি শক্তিশালী হওয়ায় অনেক দেওয়াল ধসে পড়েছে, এতে কমপক্ষে ২৫ আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি।’

পূর্ববর্তি সংবাদদুই বার ক্ষমতায় থেকে বিএনপি কেন জিয়া হত্যার বিচার করলো না?: প্রশ্ন তথ্যমন্ত্রীর
পরবর্তি সংবাদনেত্রকোনায় ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি