ইসলাম টাইমস ডেস্ক: মীরসরাইয়ে সাবেক এক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে ৩৩০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রাম থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারির সঙ্গে জড়িত ভালুকিয়া এলাকার ফজলুল হক ড্রাইভারের ছেলে বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন রাজু (২৮) ও কক্সবাজার জেলার টেকপাড়া এলাকার দিদারুল আলমের ছেলে আকাশকে গ্রেফতার করে পুলিশ
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শনিবার দুপুরে অফিসার ইনচার্জ ইফতেখার হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামে ফরহাদ হোসেন রাজুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়িতে তল্লাশি করে ৩৩০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু ও আকাশ নামে দুই জনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। তিনি আরও জানান, ফরহাদ হোসেন রাজুর বিরুদ্ধে মাদক, মারামারিসহ বিভিন্ন আইনে থানায় ৮টি মামলা রয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়ে মীরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী জানান, গ্রেফতারকৃত রাজু ছাত্রলীগের কেউ নয়। মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই বছর আগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তখন বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।
















