বন্যা পরিস্থিতির আরও অবনতির আশংকা

ইসলাম টাইমস ডেস্ক:  ভারতের সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যে ও নেপালে বৃষ্টিপাত বাড়ার কারণে বাংলাদেশে আগামী পাঁচদিনে পানি প্রবাহ বিস্তৃত হয়ে  বন্যা পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করার আশংকা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস বলছে, মেঘনা অববাহিকা ও হিল অববাহিকার নদ-নদীগুলোতে পানি বাড়ায় বন্যা পরিস্থতির সৃষ্টি হয়েছে। নতুন করে ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার নদ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আগামী পাঁচদিনেই বন্যা পরিস্থিতি আরও ব্যাপক আকার ধারণ করে তা দেশের মধ্যাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

এই অবস্থায় সবচেয়ে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, রাজবাড়ী ও আশেপাশের এলাকা। কেননা, কোনো কোনো নদ-নদীর পানি বেড়ে তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের পাঁচদিনের এক পূর্বাভাসে বলা হয়েছে- ব্রহ্মপুত্র অববাহিকায় আগামী ১৮ জুলাই নাগাদ করতোয়ার পানির সমতল চকরহিমপুরে, ঘাঘটের পানি গাইবান্ধায়, ধলেশ্বরীর পানি এলাসিনঘাটে ১ ‍মিটারের বেশি বাড়বে।

এছাড়া আগামী ২১ জুলাই নাগাদ যমুনার পানি বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ, কাজীপুর, পদ্মার পানি গোয়ালন্দে বিপদসীমার এক মিটারের বেশি বেড়ে তীব্র বন্যার সৃষ্টি করতে পারে। আর এসব এলাকার অন্যান্য নদ-নদীর পানি এ সময় বিপদসীমার এতো ওপর দিয়ে প্রবাহিত না হলেও ১ মিটারের মধ্যেই থাকবে। ফলে বন্যা পরিস্থিতি বিস্তৃত হবে দেশের মধ্যাঞ্চলে।

তবে এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না। পানি নেমে যেতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হলে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রবিবার (১৪ জুলাই) নাগাদ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগে বজ্রসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের শঙ্কা রয়েছে।

পূর্ববর্তি সংবাদআলেমদের সহযোগিতা দেশকে এগিয়ে নিবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদকক্সবাজারে গভীর রাতে পাহাড়ধসে স্বামী-স্ত্রী নিহত