ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মধ্য প্রদেশে এক মুসলিম অটোরিকশা চালককে মারধর ও তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপির নেতা কমল শুক্লা। ভারতের মধ্য প্রদেশের মরিমাতা চৌমাথায় গত শনিবার এ ঘটনা ঘটে। আক্রান্ত মুসলিম অটো রিকশা চালকের নাম সেলিম খান।
আক্রান্ত মুসলিম বলেন, শনিবার মরিমাতা চৌমাথায় চারচাকা গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে তার নাম জিজ্ঞেস করেন। এসময় তার নাম সেলিম খান বলতেই তাকে মারধর করা শুরু করে। তার গাড়িতেও ভাঙচুর করা হয়। এ নিয়ে কথা কাটাকাটি হলে রিভলবার থেকে গুলি নিক্ষেপ করে ওই হামলাকারী। একটি গুলি তার পা স্পর্শ করে বেরিয়ে গেলে তিনি কোনোক্রমে রক্ষা পেয়েছেন। পরে জানা যায় উনি বিজেপি নেতা কমল শুক্লা।
পরে আক্রান্ত অটো রিকশা চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়েরসহ অভিযুক্তকে বিজেপি নেতাকে গ্রেফতার করে। ততে এদিন বিকালেই তিনি জামিন পেয়ে যান।
গণপিটুনিতে মুসলিম কনস্টেবল নিহত
এদিকে, শনিবার রাজস্থানে জমি বিবাদের তদন্ত করতে গিয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের গণপিটুনিতে আব্দুল গণি (৪৫) নামে এক পুলিশের হেড কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জমি বিবাদের তদন্ত শেষে মোটর বাইকে ফেরার সময় মুখোশধারী চার/পাঁচ জন অজ্ঞাত হামলাকারী লাঠি নিয়ে ওই পুলিশ সদস্যের উপরে হামলা চালায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।
এদিকে, নিহত পুলিশ কনস্টেবলের গ্রামের মুসলিম পঞ্চায়েতের সভাপতি নাজির মোহাম্মদ নিহতের পরিবারকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে বলে দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে তার লাশ দাফন করা হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। সূত্র: পার্সটুডে।
















