ইসলাম টাইমস ডেস্ক: বিজেপি সংখ্যাগরিষ্ঠ ভারতের লোকসভায় এবার পাশ হল এনআইএ সংশোধনী বিল। ফলে এখন থেকে বিদেশে ভারতীয়দের ওপর সন্ত্রাসবাদী হামলার তদন্ত করতে পারবে তারা। সংসদে বিল পাশ করা নিয়ে আলোচনার সময় বিতণ্ডায় জড়ান নেতা আসাদউদ্দিন ওয়াইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপি সাংসদ সত্যপাল সিং সংসদে আলোচনা চলাকালে হায়দরাবাদের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, হায়দরাবাদে একটি সন্ত্রাসবাদ সংক্রান্ত ঘটনার তদন্তে নেমে স্থানীয় প্রভাবশালী নেতার হুমকির মুখে পড়তে হয় পুলিশ কমিশনারকে।
এসময় পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ওয়াইসি বলেন, নিজের বক্তব্যের সমর্থনে কি কোনও নথি সংসদে পেশ করতে পারবেন সত্যপাল সিং?
ওআইসি একথা বলতেই উঠে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, বিরোধীরা যখন বক্তব্য রাখছিলেন তখন সরকারপক্ষের সাংসদরা বাধা দেননি। সেই সংযম দেখানো উচিত বিরোধীদেরও। আসাদউদ্দিনের দিকে আঙুল নির্দেশ করে তিনি বলেন, বক্তব্য শোনার জন্য বিরোধীদেরও ধৈর্যশীল হতে হবে।
এতেই ক্ষেপে ওঠেন আসাদউদ্দিন। তিনি বলেন, আমার দিকে আঙুল তাক করে আমাকে ভয় দেখাতে পারবেন না। জবাবে অমিত শাহ বলেন, যার নিজের মধ্যেই ভয় রয়েছে তেকে দেখানোর দরকার হয় না।
এদিন সংসদে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদীর সরকার কোনও দিন এনআইএর অবব্যবহার করেনি। তবে তৃণমূলের দাবি, এ সংশোধনী অসাংবিধানিক। বিরোধিতা করেছে কংগ্রেসও। বিজেপির পালটা দাবি, ধর্মনিরপেক্ষতার নামে দেশের নিরাপত্তার সঙ্গে আপস করতে চায় বিরোধীরা।
ওয়েইসি আরো বলেন, হামলাকারী যদি অমুসলিম হয় আর ভুক্তভোগী যদি হয় মুসলিম, সে ক্ষেত্রে সরকার হাত গুটিয়ে বসে থাকবে।
কংগ্রেসের পক্ষ থেকেও সংশোধনী বিলের বিরোধিতা করা হয়। তাদের দাবি, এনআইএ-র হাতে ব্যাপক ক্ষমতা তুলে দিয়ে দেশে পুলিশতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চলছে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা, এই সময়।
















