ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর গুলশানে একটি ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-১ এর ৪ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির ছাদে একটি মোবাইল ফোনের টাওয়ার থেকে আগুনের সূত্রপাত হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কার্যালয়ের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে গুলশান-১ এর ৪ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে আগুন লাগে।
তিনি আরও জানান, পাঁচতলা ভবনটির ছাদে একটি মোবাইল ফোনের টাওয়ার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংবাদ পেয়ে আশপাশের ফায়ার সার্ভিস অফিস থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলেও জানান কামরুল হাসান।
















