ইসলাম টাইমস ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে এবার মোট জিপিএ–৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। তবে পরীক্ষায় পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে। ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ করে দেখা গেছে, শুধু এ বছরই নয়, ২০১৫ সাল থেকে পাঁচ বছর ধরেই এই পরীক্ষায় ছাত্রীরা ধারাবাহিকভাবে ছাত্রদের চেয়ে বেশি পাস করছে।
গতবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার ছিল ৬৪ দশমিক ৫৫ শতাংশ। এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছিলেন ২৫ হাজার ৫৬২ জন। অর্থাৎ, এবার এইচএসসিতে পাসের হার ও জিপিএ–৫ দুটোই বেড়েছে।
আজ বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।
অন্যদিকে, এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় গড় পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ–৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ–৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১০টি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।
















