ইসলাম টাইমস ডেস্ক: বিশ্ব জুড়ে আধুনিক দাসপ্রথার এখনো রয়ে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আগামী এক দশক ধরে প্রতিদিন ১০ হাজার মানুষকে এই দাসত্ব থেকে মুক্ত করা প্রয়োজন। গতকাল বুধবার দাসত্ববিরোধী অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন ওয়াক ফ্রি ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক দাসত্বের সবচেয়ে বড় শিকার উত্তর কোরিয়া ও ইরিত্রার নাগরিকেরা। সেখানকার সরকার নিজেদের জনগণকে কঠোর শ্রমে বাধ্য করায়। লিবিয়া, ইরান, গিনি, বুরুন্ডি, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, রাশিয়া, সোমালিয়া সরকার আধুনিক দাসত্ব অবসানের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কাতার, সিঙ্গাপুর, কুয়েত, ব্রুনেই, হংকং ও রাশিয়ার মতো ধনী দেশগুলো এই বিষয়ে খুব কমই পদক্ষেপ নিয়েছে। দাসত্বের অবসানের জন্য কিছু দেশ আগের চেয়ে নিজেদের প্রচেষ্টা কমিয়ে দিয়েছে।
বিশ্বে প্রায় ১০০টি দেশ জোরপূর্বক শ্রমকে অপরাধ হিসেবে গণ্য করে না। তবে সম্পদ সীমিত সত্ত্বেও জর্জিয়া, নাইজেরিয়া, ইউক্রেন, মলদোভা, ইথিওপিয়া ও মোজাম্বিক আধুনিক দাসত্ব অবসানে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
















