যে কারণে পাঁচ বছরের জন্য দুই মাদরাসার পরীক্ষা স্থগিত করল হাইআতুল উলয়া

ইসলাম টাইমস ডেস্ক: আল হাইয়াতুল উলইয়ার অধীনে অনুষ্ঠিত তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষায় দেওবন্দি চিন্তাধারার বিরোধীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে টঙ্গীর সাতাইশ ও মজিদবাগ মাদরাসার বিরুদ্ধে আগামী পাঁচ বছর পর্যন্ত কোন পরীক্ষায়  অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার মতিঝিলে বোর্ডের এক গুরুত্বপূর্ণ  বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত সংস্থাটির সদস্য মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া জানান, ভ্রান্ত ও দেওবন্দি চিন্তাধারার বিরোধী আকিদা পোষণকারী ‘অছাত্রদের’ দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় সাতাইশ ও মজিদবাগ মাদরাসার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে আগামী পাঁচ বছর পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইয়াতুল উলইয়া। পাশাপাশি এ দু’টি প্রতিষ্ঠানে পরীক্ষার মারকাজ থাকলে, তা বাতিল করারও সিদ্ধান্ত গৃহীত হয় ওই বৈঠকে।

প্রসঙ্গত, সম্প্রতি দাওরায়ে হাদীসের ফল প্রকাশের পর জানা যায়,  কওমি মাদরাসা ও দেওবন্দি চিন্তাধারার বিপরীতমুখী একটি সংগঠনের সভাপতি গাজীপুরের সাতাইশ মাদরাসা থেকে দাওরায়ে হাদীসের পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

পূর্ববর্তি সংবাদনেত্রকোণায় ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, শিশুর কাটা মাথা উদ্ধার
পরবর্তি সংবাদপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী খাকান আব্বাসি গ্রেপ্তার