ইসলাম টাইমস ডেস্ক: উখিয়ার কুতুপালং ক্যাম্পে এনজিও ফোরামের ইট ভর্তি একটি ট্রাক উল্টে গেলে পার্শ্ববর্তী রোহিঙ্গা ঝুপড়িতে থাকা রোহিঙ্গা মা ও ছেলে নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন কিশোরী। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ঘাতক ড্রাইভারসহ ট্রাকটি আটক করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারী মোহাম্মদ নুর জানান, আজ সকালে এনজিও ফোরামের দ্রুতগামী একটি ইট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝুপড়ির ওপরে উল্টে যায়। তখন ঝুপড়ির ভিতরে থাকা মোঃ আনোয়ারের স্ত্রী এবং তার ২ বছরের শিশু সন্তান ইট চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় আনোয়ারের আরেক কিশোরী মেয়েকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জনতার সহযোগিতায় ঘাতক ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
















