এবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন হিন্দু আইনজীবী

ইসলাম টাইমস ডেস্ক: প্রিয়া সাহার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা খারিজ হয়ে গেলেও রেহাই পাচ্ছেন না সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এবার তার বিরুদ্ধেই পৃথক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি জানিয়েছেন সুমন কুমার রায়। পরে মামলার প্রস্তুতির বিষয়টি তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ধারায় এ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সুমন কুমার রায় বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি এবং মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দুই ধরনের অভিযোগ আনার সুযোগ আছে। একটি ২৯৫ (ক) ধারায়। অপরটি ফেসবুক লাইভে মানহানি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধিত ধারায় অভিযোগ আনা হবে।

এ বিষয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, ‘মামলা করা একটি সাংবিধানিক অধিকার। যে কেউ কারো বিরুদ্ধে মামলা করতে পারে। এটাই বাংলাদেশের নিয়ম হওয়া উচিত।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি আমলে নেয়ার জন্য ব্যারিস্টার সুমন আদালতে আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে খারিজের আদেশ দেন।

এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ফেসবুক লাইভে এসে মামলা করার ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। সেদিন তিনি বলেন, ‘আমি তার বিরুদ্ধে অবশ্যই মামলা করব, আপনারা আমার পাশে থাকবেন।’

পূর্ববর্তি সংবাদমার্কিন সঙ্গীতশিল্পী ডেলা মাইলসের ইসলাম গ্রহণ
পরবর্তি সংবাদভারতের ঝাড়খণ্ডে গলা কেটে চার জনকে হত্যা