ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে বন্যার পানি দেখতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারাল সোনিয়া আক্তার (১১) নামের এক শিশু মাদ্রাসাছাত্রী। এ সময় তার আরও চার বান্ধবী পানিতে পড়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহত অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
শনিবার (২০ জুলাই) বিকালে ময়মনসিংহের ফুলপুর বনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনিয়া আক্তার উপজেলার নগুয়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও বনগাঁও রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার মীযান জামাতের ছাত্রী।
ফুলপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকালে সোনিয়া তার চার বান্ধবীসহ বন্যার পানি দেখতে বনগাঁও গ্রামে যায়। বন্যার পানিতে ডুবন্ত রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় পানির স্রোতে সোনিয়ার পা পিছলে খালে পড়ে নিখোঁজ হয়। এ সময় তার সাথে যাওয়া অন্য চার বান্ধবী তাকে উদ্ধার করতে গিয়ে নিজেরাও পানিতে পড়ে যায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
তাৎক্ষনিক এ খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার ব্রিগেড লিডার সারোয়ারের নেতৃত্বে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিখোঁজ সোনিয়ার লাশ উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত চার জনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
















