ইসলাম টাইমস ডেস্ক: প্রিয়া সাহা ইস্যুতে এবার ‘হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তি’ করার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন গৌতম কুমার এডবর নামক রাজধানীর ভাষানটেকের এক বাসিন্দা। তাকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্চয় কুমার দে দুর্জয়।
প্রসঙ্গত, হিন্দু আইনজীবী পরিশধের নেতা অ্যাডভোকেট সুমন কুমার রায় গতকাল তার ফেসবুক পোস্টে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রস্তুরি কথা জানিয়েছিলেন।
অ্যাডভোকেট সুমন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
মামলার অভিযোগ, গত ১৯ জুলাই ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফেসবুকে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করেন। তার ‘আপত্তিকর ও উসকানিমূলক’ বক্তব্য হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
তবে এ ব্যাপারে ব্যারিস্টার সুমন আগে থেকেই বলে আসছেন তার এই ফেসবুক আইডিটি ফেক। তিনি গত ২০ জুলাই তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, ‘আমার নাম ব্যবহার করে একটি ফেক পেজ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিষেদগার করছে। আমি এ বিষয়টি পুলিশকে জানিয়েছি। আপনারা সচেতন থাকবেন। এটাই আমার একমাত্র পেজ যার ফলোয়ার ২০ লাখের অধিক।
















