পদ্মায় গোসল করতে নেমে নবদম্পতি নিখোঁজ

ইসলাম টাইমস ডেস্ক: পদ্মায় গোসল করতে নেমে নবদম্পতি নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার দুপুর ১টার দিকে তারা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামেন এই দম্পতি। একপর্যায়ে পদ্মার তীব্র স্রোতের টানে ভেসে যান তারা।

তাদের নাম ইমন শেখ (২২) ও আঞ্জুআরা (১৮)। মাত্র কিছুদিন আগে তাদের বিয়ে হয়। তারা ঢাকায় থাকতেন।

জানা যায়, তিনদিন আগে আঞ্জুমের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দে আসেন তারা।

শুক্রবার আঞ্জুআরার চাচাতো বোন দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকার আবু সাইদের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অংশ নিতেই ইমন ও আঞ্জুম ঢাকা থেকে দৌলতদিয়ায় আসেন।

প্রত্যক্ষদর্শী আফসানা আক্তার (১৭) জানান, তারা সবাই বিয়ের অনুষ্ঠানে এসেছেন। রবিবার দুপুর ১টার দিকে বিয়ে বাড়ি থেকে তারা ১০/১২ জন মিলে পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় একটি ফেরি তাদের পাশ দিয়ে চলে গেলে যে ঢেউয়ের সৃষ্টি হয় এতে প্রথমে আঞ্জুম কিছুটা নদীর ভেতরে চলে যায়। আঞ্জুআরা যখন নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তাকে উদ্ধার করতে ইমন এগিয়ে যায়। এরপর তারা দুজনই মুহূর্তের মধ্যে নদীর তীব্র স্রোত ও প্রচণ্ড ঘুর্ণীপাকের মধ্যে পড়ে তলিয়ে যান।

এদিকে বিয়ের অনুষ্ঠানে এসে নবদম্পতি পদ্মায় ভেসে যাওয়ার ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ এক নিমিষেই আহাজারিতে পরিণত হয়েছে। স্বজনদের চোখের পানিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পূর্ববর্তি সংবাদযেভাবে ব্রিটিশ তেল ট্যাংকার জব্দ করা হল ( দু:সাহসিক ভিডিও)
পরবর্তি সংবাদআদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যা বললেন মিন্নি