ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে ছেলেধরা সন্দেহে হাসিনা বেগম (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণপিটুনি দিয়ে আহত করেছে এলাকাবাসী।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার পার্শ্ববর্তী শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার ওসি আজম খান জানান, দৌলতপুর মাষ্টারপাড়া গ্রামের আশিকুর রহমান রনির বাড়িতে তার মানসিক ভারসাম্যহীন শ্বাশুড়ি চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে বাড়ির লোকজনের অজান্তে হাসিনা বাড়ি থেকে বের হয়ে শিতলাইপাড়া গ্রামে গেলে গ্রামের লোকজন ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে পরিবারের নিকট হস্তান্তর করে।
গত শনিবার কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ও কাল রোববার কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড় এলাকায় দুজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়েছিল জনগণ। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে সে ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
















