ইসলাম টাইমস ডেস্ক: দেশের বানভাসী মানুষদের বাঁচাতে জাতীয় সংলাপ চেয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। পাশাপাশি বন্যার বিস্তৃতি ও ক্ষয়ক্ষতি নিরূপনে সঠিক তথ্য তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গণফোরামের উদ্যোগে আজ জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গের বন্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য রাখতে গিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আরো বলেন, দেশে কার্যকর গণতন্ত্র নেই। দলমত নির্বিশেষে জনগণকে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ অবিলম্বে বানভাসী মানুষের নিরাপদ জীবন ও আশ্রয়ের ব্যবস্থার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করা জরুরি। তাই জরুরি ভিত্তিতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশুদের জন্য পুষ্টিকর শুকনা খাবার সরবরাহ করতে হবে।
তিনি অবিলম্বে অপচয়, দুর্নীতি রোধ করে জনগণের কার্যকর অংশগ্রহণপূর্বক স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রিলিফ কমিটি করে ত্রাণ তৎপরতা চালানোর আহ্বান জানান। এছাড়া তিনি চিলমারী, রাজীবপুর, রৌমারি এলাকাসহ অধিকরতর বন্যা আক্রান্ত উপজেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।
















