ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা চাইলে যুক্তরাষ্ট্রে বন্দি ড. আফিয়া সিদ্দিকীর বিনিময়ে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা তৎপরতার দায়ে বন্দি শাকিল আফ্রিদীর কারামুক্তির আলোচনা হতে পারে।
তিনি বলেন, আমরা মার্কিন জোটের অন্তর্ভুক্ত ছিলাম। আমেরিকা চাইলে উসামা বিন লাদেনকে গ্রেফতারের জন্য পাকিস্তানের উপর আস্থা রাখতে পারতো।
মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ইমরান খান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার বৈঠক হয়েছে। ট্রাম্প স্পষ্টভাষী মানুষ। তিনি ঘুরিয়ে কথা বলেন না। বৈঠকে আমাদের মাঝে চমৎকার আলোচনা হয়েছে।
ইমরান খান আরও বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান চারদশক যাবত যুদ্ধ-বিধ্বস্ত। আফগানদের দরকার শান্তি। তালেবানকে শাসনযন্ত্রের অংশ বানিয়ে তাদের জন-প্রতিনিধি করা উচিত। তালেবানদের শান্তি আলোচনা এখন পর্যন্ত সফলতার দিকেই। আমেরিকার উচিত হবে না তালেবানের ব্যাপারে বাড়তি শঙ্কা পোষণ করা।
এছাড়াও ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে পাক প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যু, ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারেও কথা বলেন। সূত্র: জঙ্গ অনলাইন
















