ইসলাম টাইমস ডেস্ক: ঈশ্বরদীতে ছেলেধরা সন্দেহে এবার মিনারা নামে এক মানসিক প্রতিবন্ধী নারী গণপিটুনির শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সোমবার রাতে ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকনগর পূর্বপাড়া গ্রামের আল্লেক বেপারির বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে নারী। এ সময় ঘরে তার দেড় বছরের নাতি রাহি ঘুমিয়ে ছিল। তা দেখেই ছেলেধরা বলে চিৎকার করতে থাকেন পরিবারের সদস্যরা।
আশপাশের লোকজন এসে মিনারাকে মারধর করে। পরে মিনারার কাছে থাকা পলিথিন ব্যাগ থেকে ওষুধ ও একটি টিনের চাকু জব্দ করে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, আটক নারী ছেলেধরা কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। সারা দেশে এখন ছেলেধরা-আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে।
এলাকায় কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিতে বলা হয়েছে।
















