ইসলাম টাইমস ডেস্ক: ‘দেবতাদের’ নামে জয়ধ্বনি দিয়ে মুসলিম শিশুদের প্রসাদ খাওয়ানো ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যাসহ নয়জনের বিরুদ্ধে মাওলানা হাবিবুর রহমান মিছবাহ-এর করা একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছে সিএমএম আদালত।
আজ বুধবার ঢাকার সিএমএম কোর্টের বিচারক আবু সাঈদের আদালতে এ মামলা করেন তিনি। পরে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তা খারিজ করে দেন।
মামলায় অভিযোগে বলা হয়, ইসকন ফুড ফর কর্মসূচির মাধ্যমে গত ৮ জুলাই থেকে ১৬ জুলাই চট্টগ্রামের স্কুলে স্কুলে প্রসাদ খাইয়ে শিক্ষার্থীদের ‘হরে কৃষ্ণ হরে রাম’ মন্ত্র পাঠ করাতে বাধ্য করে। অথচ সেখানকার শিশুদের অধিকাংশই ছিল মুসলমান।
এছাড়া মামলায় গত ৩০ জুন রাজধানীর স্বামীবাগের প্রায় ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী স্বামীবাগ মসজিদের মুসলিমদের ওপর হামলা চালানোর অভিযোগও করা হয়।
মামলায় বলা হয়, স্বামীবাগে ইসকন সদস্যরা ভোর চারটা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত মাইক ব্যবহার করে উচ্চশব্দে এলাকা কাঁপিয়ে ঢোল-বাদ্য বাজায়। পাঁচ ওয়াক্ত নামাজের সময় ঢোল-বাদ্য বাজানো বন্ধ রাখার অনুরোধ করলে ইসকনের নেত্রীস্থানীয়রা তাতে রাজি না হয়ে বরং চরম দুর্ব্যবহার করে। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সংঘাতময় পরিস্থিতি ঠেকাতে গিয়ে রমজানের তারাবিহ নামাজ বন্ধ রাখে।
















