পেঁয়াজসহ নিত্যপণ্যের উচ্চমূল্য ঠেকাতে হাইকোর্টে রিট

ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র ঈদুল আজহার আগেই পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সেই সাথে সিন্ডিকেটের মাধ্যমে যারা এসব পণ্যের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশও চাওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)’র পক্ষে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন আইনজীবী মো. আব্দুল মোমিন।

রিটে খাদ্য সচিব, বাণিজ্যসচিব, স্থানীয় সরকার সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

এর আগে ১৮ জুলাই নিত্যপণ্যের দাম নির্ধারণে বিবাদীদের উকিল নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় আজ এই রিট করা হয়েছে।

১৮ জুলাইয়ের নোটিশে বলা হয়েছিল, ঈদকে সামনে রেখে সম্প্রতি অনৈতিক ও অবৈধ সিন্ডিকেট করে পণ্যের মূল্যবৃদ্ধি করা হয়েছে। বিশেষত পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও মূল্য দ্বিগুণ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা বা জবাব না পেলে হাইকোর্টের প্রতিকার চেয়ে রিট করা হবে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম হঠাৎ দ্বিগুণ হয়ে যায়। খুচরা বাজারে কয়েক দিনের ব্যবধানে ২৫ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৪০ টাকায় এবং ৩০ টাকার দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকায়।

পূর্ববর্তি সংবাদ‘শান্তি আলোচনার জন্য পাকিস্তান যেতে প্রস্তুত আফগান তালেবান’
পরবর্তি সংবাদবন্যা সাঁতরিয়ে হজ্বে যাচ্ছেন কুড়িগ্রামের আজিজুর রহমান