ইসলাম টাইমস ডেস্ক: ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ পারনাবুকোর রেসিফে মেট্রোপলিটন এলাকায় ভারী বৃষ্টির ফলে ভূমিধসে ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ‘জিনহুয়া’
পারনাবুকো ফায়ার ডিপার্টমেন্টের তথ্য মতে, ভূমিধসের কারণে নিহত ওই ১৩ জনের মধ্যে ৫ জন রেসিফে, ৩ জন ওলিন্দা এবং ৫ জন আবরেও ই লিমার বাসিন্দা। নিহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোর এবং ২১ বছর বয়সী যুবতি রয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) শেষ প্রহরে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে ব্রাজিলের বেশ কয়েকটি শহরে গাছপালা ভেঙে পড়াসহ বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রেসেফি মেট্রোপলিটন এলাকা যেখানে চার মিলিয়নের বেশি মানুষ বসবাস করে।
ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় স্থানীয় স্কুল কলেজ বন্ধ রয়েছে। রেসিফে সিভিল ডিফেন্সের তথ্য মতে, ছয় ঘণ্টা ধরে ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আরও কয়েক দিন স্থায়ী হবে।
















