ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ সদরের জেলখানার চর এলাকায় ব্রক্ষপুত্র নদের পশ্চিম তীরে প্রবল স্রোতের তোঁড়ে আকস্মিক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে গেছে বিনপাড়া ও কোনাপাড়াসহ প্রায় দুই কিলোমিটারজুড়ে বেশ কয়েকটি গ্রাম। গতকাল বুধবার এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।
বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে সদর উপজেলার চর জেলাখানা, চর গোবিন্দপুর, দূর্গাপুর, বারেরচর, চরসিরতা ও চরহাসাদিয়াসহ জনবসতিপূর্ণ বিস্তীর্ণ এলাকার কয়েক’শ ঘরবাড়ি। ভেসে গেছে আমন ধানের বীজতলা ও কয়েকটি মাছের খামার। বাঁধটি দ্রুত বাঁধ মেরামত করা না হলে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিবে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।
এদিকে, খবর পেয়ে তাৎক্ষনিক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খাঁন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্নস্থানে গর্ত থেকে ভাঙনের সৃষ্টি হয়েছে বলে ধারণা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। বাঁধটি নিয়ন্ত্রণে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা। বাঁধটি মেরামতে চেষ্টা চলছে বলে জানান তারা।
















