স্কয়ার হাসপাতালে ২২ ঘণ্টারও কম সময়ের বিল ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা !

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির পর ২২ ঘণ্টারও কম সময়ে বিল এসেছে ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা। এত কম সময়ে কী করে এত টাকা বিল হলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ফিরোজের পরিবারসহ তার সহপাঠীরা। এদিকে বিল নিয়ে কথা বলতে গেলে সাংবাদিকদেরকে কোনও তথ্য দিতে পারেনি স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

ফিরোজের বড় ভাই মো. ফজলুল করীম বিস্ময় প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, ‘কেবল কয়েক ঘণ্টার ব্যাপার, ১ দিনও পার হয়নি। এর ভেতরে কী করে এত টাকা খরচ হলো, সেটাই আমরা বুঝতে পারছি না।’ হাসপাতালগুলো রোগীদের অসহায়ত্ব নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেন তিনি।

ফিরোজ কবীর স্বাধীনের হাসপাতালের বিল থেকে দেখা যায়, ওষুধ বাবদ ধরা হয়েছে ৩২ হাজার ৩২১ টাকা ৫১ পয়সা, ল্যাবরেটরি চার্জ ৭৩ হাজার ৮৩৬ টাকা, মেডিক্যাল হসপিটাল সাপ্লাইতে বিল হয়েছে ১০ হাজার ২১৯ টাকা এবং বাকি টাকা অন্যান্য কয়েকটি খাতে ধরা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান ফিরোজ। এর আগের দিন বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে স্কয়ারে আনা হয়েছিল।

ফজলুল করীম বলেন, তারা দুই ভাই, দুই বোন। তিনি সবার বড়। মাঝে দুই বোনের পরে সবার ছোট ছিল ফিরোজ। ‘ছোট ভাইকে খুব আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিলাম। কিন্তু সেই ভাইটা মারা গেলো বড় ভাই-বোনদের রেখে। এ শোক আমাদের কাটবার নয়।’

 

পূর্ববর্তি সংবাদবিদেশে হোটেলের জিনিসপত্র চুরি করে ধরা খেলেন ভারতীয় পরিবার
পরবর্তি সংবাদনোয়াখালীতে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে উল্টে গেল পিকআপভ্যান, নিহত ৪, আহত ১৯