ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাটে ২৪টি জালনোট শনাক্তকরণ বুথ বসানো হবে। একইসঙ্গে সারাদেশের সরকার অনুমোদিত কোরবানির পশুর হাটেও জালনোট শনাক্তকরণ বুথ বসানো হবে।
মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে কোরবানির পশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ বসানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা ক্রেতা-বিক্রেতাদের নোট যাচাইকরণ সেবা দেবেন।
জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দ্বারা হাট শুরুর দিন থেকে ঈদের আগ রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে।
ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলোতে স্থানীয় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে গৃহীত অনুরূপ ব্যবস্থায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্যও কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।
















