ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে পুলিশের দুই সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে নারী ও শিশুসহ আরও কমপক্ষে ৩৮ জন। আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।’
মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় বিকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কুয়েটা জেলার বাচা খান চক এলাকায় সিটি পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশের বরাতে গণমাধ্যম ‘দ্য ডন’।
যদিও পুলিশকে লক্ষ্য করে চালানো এ হামলার দায় এরই মধ্যে স্বীকার করে নিয়েছে দেশটির সংগঠন তেহরিক-ই-তালিবান।
এ দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কুয়েটা পুলিশের ডিআইজি আবদুল রাজ্জাক চিমা বলেন, ‘মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় বিকালে বাচা খান চক এলাকায় সিটি পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ধারণা করা হচ্ছে, উপস্থিত পুলিশ সদস্যদের লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়েছিল।’
পুলিশের এ কর্মকর্তা বলেছেন, ‘হামলাটি আসলে আত্মঘাতী কিনা তা এখনো পরিষ্কার নয়। যদিও প্রাথমিকভাবে পুলিশের টহলরত সেই গাড়ির কাছে একটি পার্ক করা মোটরসাইকেলেই বোমাটি রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে।’
ডিআইজি আবদুল রাজ্জাক আরও বলেন, ‘ভয়াবহ এ বিস্ফোরণে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। যাদের মধ্যে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এতে নারী ও শিশুসহ আহত বাকিদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।’
















