ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীসহ সারাদেশেই মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে দু’দিন আগেই। ডেঙ্গু ও এডিস মশার উৎপাতে জনজীবন যখন বিপর্যস্ত; ঢাকা মহানগরীতে তখন সিটি কর্পোরেশন ও প্রশাসনের পাশাপাশি উলামায়ে কেরামের বেশ কয়েকটি দল স্বেচ্ছাশ্রমে তা প্রতিরোধে তৎপরতা চালাচ্ছেন।
মুহাম্মদপুরের আদাবর মাদরাসার উস্তাযবৃন্দ নিজেদের উদ্যোগে মাদরাসার ছাত্র ও এলাকাবাসীকে নিয় সে এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন। বাসায় বাসায় গিয়ে জনগণকে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করছেন।

এদিকে বিভিন্ন জনসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত তরুন আলেম মাওলানা গাজী ইয়াকুব মিরপুর এলাকায় মাদরাসার ছাত্র ও আলেমদের নিয়ে এডিস মশার উৎপত্তি নিধন ও পরিচ্ছন্নতার কাজ করছেন।
জানা গেছে বাসমাহ নামে একটি প্রতিষ্ঠান তাদেরকে মশক নিধন স্প্রে সরবরাহ করেছে।
এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার দায়িত্বশীল আলেম ও মসজিদের ইমামদের উদ্যোগে জনগণকে সচেতনতা ও পরিচ্ছন্নতার কাজ চলছে।
সরকারি তথ্যমতে মহামারি ডেঙ্গুর প্রকোপ দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজারের মতো। খবরে বলা হচ্ছে এ সংখ্যা আরও বাড়তে পারে এবং ঈদে ভয়াবহ পরিস্থিতি হতে পারে।
















