ইসলাম টাইমস ডেস্ক: সারা দেশে ডেঙ্গুর প্রকোপ যখন দিনকে দিন বেড়েই চলেছে তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিদেশ সফরে। এ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন উঠেছে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির দুজন সদস্য এ প্রশ্ন তোলেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উত্তর দেওয়া হয়নি।
বৈঠক সূত্রে জানা যায়, কমিটির সভাপতি আলী আশরাফ ও সদস্য মইনউদ্দীন খান বাদল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উষ্মা প্রকাশ করেন। তারা জানতে চান, এ সময়ে মন্ত্রী কেন বিদেশ সফরে গেলেন?
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। যেসব এলাকায় মশার ঘনত্ব ও ডেঙ্গুর আশঙ্কা বেশি সিটি করপোরেশনের দুই মেয়রকে তা জানানো হয়েছিল। মশকনিধন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়, এটা সিটি করপোরেশনের করার কথা।
বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে দুজন সদস্য বলেছেন, এই মুহূর্তে মন্ত্রী বিদেশে থাকলে কীভাবে হবে। তবে মন্ত্রণালয় এ বিষয়ে কিছু বলেনি। ডেঙ্গু নিয়ে মন্ত্রণালয় একটি ব্যাখ্যা দিয়েছে। তবে তাতে কমিটি পুরোপুরি সন্তুষ্ট হয়নি। কমিটি তদারকি আরও বাড়ানোর সুপারিশ করেছে।’
কমিটির সভাপতি মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, মইনউদ্দীন খান বাদল, আবদুল মান্নান, ফখরুল ইমাম ও মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা অংশ নেন।
















