ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বেশ কিছুদিন যাবত এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এরই মধ্যে গত শনিবার (৩ আগস্ট) উপত্যকার খ্যাতনামা এক মুসলিম সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। কাজি শিবলি নামে এ সংবাদকর্মী স্থানীয় এক অনলাইন পোর্টালের বার্তা সম্পাদক।
কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, কাশ্মির নিয়ে সাম্প্রতিক উদ্বেগজনক অবস্থায় সেখানে বাড়তি আধাসামরিক বাহিনী মোতায়ন নিয়ে যে নির্দেশনা জারি করা হয় তা তিনি টুইটারে প্রকাশ করেন। মূলত এরপরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে পুলিশ।
সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, সম্প্রতি আসিফ সুলতান নামে আরও একজন মুসলিম সাংবাদিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তাছাড়া গত ফেব্রুয়ারিতে উপত্যকার জনপ্রিয় দুটি সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনও বন্ধ করে দেওয়া হয়। যদিও সরকারিভাবে এখনো এর যথাযথ কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
এর আগে গত বছরের মে মাস থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সকল বিদেশি সাংবাদিকদের গতিবিধির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতিও প্রদান করেছিল।
যেখানে প্রশাসনের অনুমতি পত্র ব্যতীত কোনো বিদেশি সংবাদকর্মীকে কাশ্মীরে কাজ করতে দেওয়া হবে না বলে জানানো হয়; অঞ্চলটিতে যা এখনো বলবৎ আছে।
















