ইসলাম টাইমস ডেস্ক: খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে মো. মঞ্জুর শেখ (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে মর্জিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ দুটি মৃত্যুই খুলনায় প্রথম মৃত্যুবরণের ঘটনা।
মৃত শিক্ষার্থী মঞ্জুর রূপসা উপজেলার কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে উপজেলার টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের সবজি বিক্রেতা মো. বাবুল শেখ ওরফে বাবুর ছেলে। মঞ্জুর ২ ভাই-বোনের মধ্যে বড়।
















