আল্লামা বাবুনগরীর মায়ের ইন্তেকালে আল্লামা নুরুল ইসলামের শোক প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: হাটহাজারী মাদ্রাসার সহকারী মুহতামিম ও শাইখে সানী আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।

বৃটেন সফরে অবস্থানরত আল্লামা নুরুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আল্লামা বাবুনগরীর মায়ের পরিচয় শুধু এটুকুই নয় যে তিনি বাবুনগরীর মা। তিনি তো বিখ্যাত ওলি আল্লামা হারুন বাবুনগরীর মেয়ে ও শাইখুত তাফসির ও আমার ওস্তাদে মুহতারাম আল্লামা আবুল হাসান (রহঃ) এর সহধর্মিণী। আল্লামা বাবুনগরী আমার বাল্যবন্ধু হওয়ার সুবাধে তিনি আমাকে নিজের সন্তানের মতই জানতেন। তাই আজ যেন আমি আমার মাকেই হারিয়েছি।

আল্লামা নুরুল ইসলাম বলেন, তার ইন্তেকালে আমরা এক সাহসী, ত্যাগী, সংগ্রামী মাকে হারিয়েছি। যিনি মুসলমানদের ১৩ দফা আদায়ের দাবিতে নির্যাতিত কলিজার টুকরো সন্তান জুনাইদ বাবুনগরীকে বলেছিলেন, “বাবা তুমি কোথায় আঘাত পেয়েছো আমি তা দেখতে আসিনি বরং আমি এসেছি তোমার ঈমানের মজবুতি দেখতে তোমাকে তো খাব্বাব খুবাইবের মত উত্তপ্ত বালুতে টানা হয়নি।” আল্লামা নুরুল ইসলাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

পূর্ববর্তি সংবাদআগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদকুর্দি অধ্যুষিত এলাকায় সামরিক অভিযান চালাবে তুরস্ক: এরদোগান