ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এসির শর্ট সার্কিটের আগুনে দম্পতিসহ তাদের ছেলে-মেয়ে দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে আগুনে দগ্ধ হওয়ার এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. লিটন (৪০), তার স্ত্রী টুম্পা (৩০) ও ১০ বছরের ছেলে এবং ২ বছরের মেয়ে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ জানান, কাঠালবাগানের ৫৮/১-বি একটি চারতলা বাসার দ্বিতীয়তলা আগুনের সূত্রপাত ঘটে। এসির শর্ট-সার্কিট থেকে আগুন ছড়ায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান কিন্তু এর আগেই স্থানীয়রা আগুন নেভায়।
তিনি আরও জানান, আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্যে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
















