কাশ্মীর ঘটনার মাধ্যমে ভারতের ভাঙন শুরু হয়ে গেলো: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরের মর্যাদা বাতিলের মাধ্যমে মূলত ভারতের ভাঙন শুরু হয়ে গেলো বলে মন্তব্য করেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খবর আনন্দবাজারের।

কংগ্রেস নেতা বলেন, ‘‘সাংবিধানিক ইতিহাসে আজ কালো দিন। এটা যদি জম্মু-কাশ্মীরের সঙ্গে করা যায়, তা হলে দেশের অন্য রাজ্যগুলোর প্রত্যেকটার সঙ্গেই করা যেতে পারে।’’

ভারতের এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘প্রথমে রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হবে, রাষ্ট্রপতি শাসন জারি করা হবে, বিধানসভা ভেঙে দেওয়া হবে, বিধানসভার ক্ষমতা সংসদের হাতে যাবে, সরকার সংসদে একটা প্রস্তাব আনবে, সেটাতে সংসদ অনুমোদন দেবে এবং রাজ্যটা আর থাকবে না। প্রত্যেকটা রাজ্যকে এই ভাবে ভেঙে দেওয়া যাবে, দুটো অথবা তিনটে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা যাবে।’’

এর পরেই আসে চিদম্বরমের সবচেয়ে কঠোর মন্তব্যটি। তিনি বলেন, ‘‘এই সরকার যদি এই পথেই এগোতে থাকে, তা হলে এখন থেকেই ভারতের ভাঙন শুরু হয়ে গেল।’’

সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

পূর্ববর্তি সংবাদআগে ময়লা করিয়ে পরিচ্ছন্নতা অভিযান ঢাবি উপাচার্যের!
পরবর্তি সংবাদহজযাত্রীদের মুখে ফগার মেশিন চালানো সেই মশককর্মী বরখাস্ত