ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীর ও লাদাখে এক নতুন যুগের সূচনা হয়েছে। মোদি বলেন, জম্মু-কাশ্মীর, লাদাখের ভাই-বোনেদের প্রতি আমার আহ্বান, আসুন, আমরা সবাই মিলে নতুন জম্মু-কাশ্মীর ও নতুন লাদাখ তৈরি করি।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি।
মোদি বলেন, জম্মু-কাশ্মীর আমাদের দেশের মুকুট। একে রক্ষা করতে অনেক বীর তাদের জীবন দিয়েছে, জীবন বাজি রেখেছে। তাদের সবার স্বপ্ন ছিল সমৃদ্ধ ও সুরক্ষিত কাশ্মীর তৈরির। আমরা সবাই মিলে সেই স্বপ্ন পূরণ করব।
তিনি বলেন, জম্মু-কাশ্মীরের মানুষের ঈদ পালন করতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা করা হবে। ঈদের প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা জানাই। মুষ্টিমেয় কিছু লোক অশান্তি সৃষ্টি করতে চাইছে। ৩৭০ অনুচ্ছেদ তোলার সিদ্ধান্তকে জম্মু-কাশ্মীরের মানুষ স্বাগত জানিয়েছেন।
মোদি বলেন, জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষকে এটা বোঝাতে চাই যে তাদের সুখ-দুঃখ থেকে আমরা আলাদা নই। সংসদে কে ভোট দিয়েছে, কে দেয়নি- এই ঊর্ধ্বে উঠে জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিরোধীরা যে বক্তব্য রাখছে, তার জবাব দেওয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু এর বিরুদ্ধে যারা, তাদের ভাবনাকেও আমরা সম্মান করি। গণতন্ত্রে এটাই নিয়ম।
প্রধানমন্ত্রী বলেন, লাদাখের মানষের ভাল শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা মিলবে। সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে লাদাখ হতে পারে সারা দেশের দিশা। লাদাখ হতে চলেছে সবচেয়ে বড় পর্যটনস্থল। কেন্দ্র সরকার লাদাখের মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেবে। এই মহৌষধী কি সারা বিশ্বে পৌঁছে দেওয়ার প্রয়োজন নেই। ওয়াকিবহাল মহলের দাবি, এই গাছ উচ্চ অক্ষাংশে থাকা মানুষের জন্য সঞ্জীবনী সুধার মতো।
















