ইসলাম টাইমস ডেস্ক: গত সপ্তাহে মিশরের রাজধানী কায়রোতে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালালে অজ্ঞাতনামা ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপ হাসমের ১৭ সদস্য নিহত হয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গত সপ্তাহে কায়রোতে বিভিন্ন গাড়ির মধ্যে সংঘর্ষকে একটি ‘সন্ত্রাসী কর্মকান্ড’ হিসেবে অভিহিত করেন। কেননা, গাড়িগুলোর একটি বিস্ফোরক ভর্তি ছিল।
মিশরের রাজধানীতে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে রোববার মধ্যরাতের আগ মুহূর্তে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক ভর্তি দ্রুতগামী একটি গাড়ি সেখানে অপর তিনটি গাড়িকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
















