ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জ অংশে দুইদফা টোলপ্লাজা বন্ধ করায় বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী যাত্রীরা।
অতিরিক্ত গাড়ির চাপের কারণে গাড়ি টানতে না পারায় বঙ্গবন্ধু সেতুর উভপাড়ের টোলপ্লাজা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সেতু থানা পূর্ব এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, গতকাল মধ্য রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। এতে করে সেতুর সিরাজগঞ্জ অংশে গাড়ি টানতে না পারায় সেতুতে যানজটের সৃষ্টি হয়। ফলে বঙ্গবন্ধু সেতুর উপর অতিরিক্ত লোড পরে। এতে সকাল ১১টায় দিকে টোলপ্লাজা ১০ মিনিট বন্ধ রাখা হয়। পরে আবার বেলা ১২টার দিকে দ্বিতীয় দফায় টোলপ্লাজা বন্ধ রাখা হয়।
এতে সেতুর টোল প্লাজা থেকে শুরু করে করটিয়া পর্যন্ত অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। টোল নেয়া শুরু হলেই অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
















