ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই আজ বৃহস্পতিবার সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতের ৫ সেনা ও পাকিস্তানের ৩ সেনা সদস্য নিহত হয়েছে।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুরের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন ও ডন এ তথ্য জানিয়েছে।
কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, দু’দেশের ৮ সেনা ছাড়াও এ ঘটনায় আরও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দা।
বৃহস্পতিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে উদযাপনের মধ্যেই এ হতাহতের খবর এলো।
পাকিস্তানের নিহত তিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম। তারা হলেন, নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর ও সিপাহি রমজান।
এক টুইটবার্তায় জেনারেল গফুর লিখেছেন, জম্মু-কাশ্মীর ইস্যু আড়াল করতে ভারতীয় বাহিনী উসকানিমূলকভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমাদের তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এতে ভারতের পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। এ ছাড়া একাধিক বাঙ্কার ধ্বংস করে দেয়া হয়েছে।
এ ঘটনার পর থেকে সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনা নিয়ে ভারতীয় সেনা কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনও গণমাধ্যমে আসেনি।
এদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতে লাল কেল্লায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। অন্যদিকে ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় এ দিনটিকে ‘কালো দিন’ হিসেবে পালন করছে পাকিস্তান।
প্রসঙ্গত, পাকিস্তানের অনুরোধ ও চীনের সমর্থনে কাশ্মীরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় কাশ্মীর সংকট নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেখানে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন বিশ্বনেতারা।
















