ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত ১২টার পরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১৫টি ইউনিট।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা র্যাব, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে গেছেন। এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
তিনি জানান, প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কাছ থেকে তিনি শুনেছেন, ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। ঈদের ছুটি থাকায় কারখানায় কোনো লোকজন ছিল না।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাবুল মিয়া সাংবাদিকদের বলেন, রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে। এ ঘটনায় চারদিকে আকঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের আবাসিক ভবন, দোকানপাট ও চামড়ার আড়ত থেকে লোকজন নিরাপদ দূরত্বে সরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১৫টি ইউনিট।
ঘটনাস্থলে কর্তব্যরত ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, কারখানায় পলিথিন ছিল। পলিথিনের কারণে প্রচণ্ড কালো ধোঁয়ার সৃষ্টি হয়। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, টিনের ঘরে ওই প্লাস্টিক কারখানার কাজ চলে। ঈদের কারণে শ্রমিকেরা ছুটিতে গেছেন। ওই কারখানার পাশে জুতা ও টায়ারের কারখানা রয়েছে।
















